দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে চিকিৎসায় নতুন দৃষ্টি

খাগড়াছড়ি চিকিৎসা পার্বত্য চট্টগ্রাম

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :

পার্বত্য খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত এলাকার ছানি রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৪ সেপ্টেম্বর ৮৪ জন রোগীকে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মধ্যে ৬১ জনের ছানি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। খাগড়াছড়ি সদর সেনাজোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব জানান, অস্ত্রোপচারের জন্য পাঠানো ৮৪ জন রোগীর মধ্যে ৬১ জন শারীরিকভাবে উপযুক্ত থাকায় তাদের অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে।

অন্য ২৩ জনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতা থাকায় তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা যায়নি। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা উপযোগী হলে পরবর্তীতে তাদেরও বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা আরও জানান, পর্যায়ক্রমে মোট ১৫০ জন ছানি রোগীকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অস্ত্রোপচারের পর বুধবার রোগীদের পুনরায় চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পরে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চিকিৎসা নিতে যাওয়া ৮৪ জন রোগীকে নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হয়।

চিকিৎসাসেবা পাওয়া রোগী ও তাদের স্বজনরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসের কারণে অনেকের পক্ষেই চট্টগ্রামে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা নেওয়া কঠিন ছিল। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি যাতায়াত ও অন্যান্য সহযোগিতা পাওয়ায় তারা প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য এলাকার দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের চিকিৎসা কার্যক্রম গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *