সুজন কুমার তঞ্চঙ্গ্যা : রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ১৪ জুলাই মঙ্গলবার দিনব্যাপী সফরে তিনি উপজেলার ফারুয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
সফরকালে তিনি ফারুয়া বাজার, আলেখ্যং এলাকাসহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরে বিলাইছড়ি উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে এসব সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য ডেনিয়েল পাংখোয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান উপস্থিত ছিলেন।
এছাড়া রাঙ্গামাটি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন। তারা বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিয়ে আলোচনা করেন।
সফরের শুরুতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিলাইছড়ি উপজেলা মাঠে কয়েকটি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। পরে তিনি বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
