লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার

খাগড়াছড়ি পরিবেশ লক্ষ্মীছড়ি

মোবারক হোসেন :

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। ১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় লক্ষ্মীছড়ি থানা সংলগ্ন মইনুল হোসেনের দোকানের টিনের চালে প্রাণীটিকে দেখতে পাওয়ার পর বন বিভাগকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে লজ্জাবতী বানরটি নিরাপদে উদ্ধার করেন। পরে সেটিকে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয় এবং একই রাতে পার্শ্ববর্তী জঙ্গলে অবমুক্ত করা হয়।

এ সময় লক্ষ্মীছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মোবারক হোসেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা, ইউপি সদস্য জয়া চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি বনকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাইফুর রহমান জানান, বিভাগীয় বন কর্মকর্তার পরামর্শ অনুযায়ী উদ্ধার করা লজ্জাবতী বানরটি উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। এটি ‘বাংলা লজ্জাবতী বানর’ নামেও পরিচিত। এ প্রজাতির বানরের দৈর্ঘ্য সাধারণত ২৬ থেকে ৩৮ সেন্টিমিটার এবং ওজন প্রায় ১ থেকে ২ দশমিক ১ কেজি হয়ে থাকে।

লজ্জাবতী বানরের চোখ বড় ও গোলাকার। মাথা ও পিঠে গাঢ় বাদামি রঙের দাগ বা রেখা দেখা যায়। এটি মূলত নিশাচর প্রাণী এবং আত্মরক্ষার জন্য বিশেষ ধরনের প্রতিরোধক্ষমতা রয়েছে বলে জীববিজ্ঞানীরা উল্লেখ করেন।

বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। লোকালয়ে এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে তা না ধরে বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *