মো. সোহেল রানা :
খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর রোববার বিকেলে দীঘিনালা মিনি স্টেডিয়ামে দীঘিনালা জোনের আয়োজনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা সরকারি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা।
এ সময় দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শরিফুল ইসলাম, দীঘিনালা জীপ মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেনসহ জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সম্প্রদায়ের দর্শকরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ম্যাচটি উপভোগ করতে আনুমানিক ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ দর্শক মাঠে উপস্থিত ছিলেন। দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দ্বিতীয় ম্যাচে সম্প্রীতি ফুটবল একাদশের মুখোমুখি হয় ঐক্য ফুটবল একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে গোল করার ক্ষেত্রে এগিয়ে যায় সম্প্রীতি ফুটবল একাদশ।
শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়ে ৫-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় সম্প্রীতি ফুটবল একাদশ। ফলে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল দলটি।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে খেলাধুলা শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।
