প্রতিনিধি : খাগড়াছড়িতে ৭০ বোতল ভারতীয় বিয়ারসহ মনোরায় ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২১ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে শহরের জিরো মাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মনোরায় ত্রিপুরা মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার বৈস কুমার ত্রিপুরার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থেকে মোটরসাইকেলে করে জিরো মাইল এলাকায় আসার পর পার্ক সাইড হাসপাতালের কাছে একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও সঙ্গে থাকা মনোরায় ত্রিপুরাকে আটক করা সম্ভব হয়।
পরে তার সঙ্গে থাকা একটি সাদা বস্তায় তল্লাশি চালিয়ে ৭০ বোতল ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
