নিজ পাড়ায় থাকবে গর্ভকালীন সেবার প্রাথমিক চিকিৎসক

🎓 শিক্ষা খাগড়াছড়ি চিকিৎসা দীঘিনালা

প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ২১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে যোগ্যতার সনদপত্র বিতরণ করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর সোমবার  সকালে দীঘিনালা জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন সাকলাইন শায়খউদ্দিন।

দীঘিনালা জোনের তত্ত্বাবধানে এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় গত ৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশু স্বাস্থ্য এবং বিভিন্ন জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক সহযোগিতা দিতে পারবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

প্রশিক্ষণার্থী তিলক্ষ চাকমা ও বিউটি মুৎসুদ্দি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেছি। এখন নিজ নিজ এলাকায় এসব বিষয়ে মানুষকে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা করতে পারব।

আয়োজকরা জানান, দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা পৌঁছে দিতে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *