খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান  

খাগড়াছড়ি উন্নয়ন স্বাস্থ্য

প্রতিনিধি:

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলেন, দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি এসব সেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করাও জরুরি।

এ লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়িত জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রকল্পের জেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর  শনিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদরের মিরনপুর হোটেল গাইরিংয়ের সম্মেলন কক্ষে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

‘অ্যাকসেস টু ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভায় সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা।

জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরার ব্যবস্থাপনা ও সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য রুমেল মারমা ও তাছলিমা সিরাজ সিমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রিপল বাপ্পী চাকমা এবং এনজিও সংস্থা আলোর নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়িত কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবার যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, শুধু স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করলেই চলবে না; প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও জীবনরক্ষাকারী সেবা পান, তা নিশ্চিত করতে হবে। এ জন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

প্রকল্পের অভিজ্ঞতা ও অর্জন কাজে লাগিয়ে পাহাড়ের প্রান্তিক মানুষের স্বাস্থ্য অধিকার সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ করতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *