মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও চাঁদার রশিদসহ যুবক গ্রেপ্তার

অপরাধ খাগড়াছড়ি মহালছড়ি

প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে একটি সচল পিস্তল, গুলি, শটগানের কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ ও টোকেনসহ সোনা চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ আগস্ট শনিবার মহালছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মহালছড়ি থানার এসআই মো. শফিকুল ইসলাম ও এসআই মো. আবদুল আউয়ালের নেতৃত্বে পুলিশ এবং মহালছড়ি জোনের সেনাসদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি মৌজার জগন্নাথপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় শ্যামল চাকমার মালিকানাধীন সেগুন বাগানে তল্লাশি চালিয়ে একটি ম্যাগাজিনসহ সচল পিস্তল, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড শটগানের কার্তুজ, একটি চাঁদা আদায়ের রশিদ বই এবং ‘জনতার মুক্তির সংগ্রামে এগিয়ে আসুন’ লেখা একটি টোকেন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সোনা চাকমা ওরফে বিকাশ চাকমা মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নের চিত্তরঞ্জন কার্বারীপাড়ার বাসিন্দা। পুলিশ তাকে একটি সশস্ত্র সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট এবং চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, অভিযানকালে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *