খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়ি

 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা উদযাপন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার ভোর থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে পূজা, প্রার্থনা, দান-ধ্যান ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মধু পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন বিহারে ভক্ত ও দায়ক-দায়িকাদের সমাগম ঘটে। এতে খাগড়াছড়ি সদর, পানখাইয়াপাড়া, ধর্মপুর, সারিপুত্র পালিটোল ও য়ংড বৌদ্ধ বিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

ধর্মপ্রাণ বৌদ্ধরা বিহারে গিয়ে বুদ্ধপূজা, পদ্ম ও শাপলা ফুল অর্পণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান ও চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় কাজে অংশ নেন। এ ছাড়া হাজার বাতি দান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়েও দিনটির আনুষ্ঠানিকতা পালন করা হয়।

বিহার প্রাঙ্গণে ভিক্ষুদের ধর্মীয় আলোচনা, ধর্মদেশনা ও প্রার্থনায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে অনেক বিহারে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

মধু পূর্ণিমাকে ঘিরে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ দান, শীল ও ধর্মীয় অনুশীলনের মাধ্যমে দিনটি পালন করেন। একই সঙ্গে বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় বিভিন্ন ধর্মীয় কর্মসূচি ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি শান্তি, মৈত্রী ও মানবিক মূল্যবোধের চর্চার বার্তা নিয়ে পালিত হয়েছে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *