খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বিভিন্ন খাতে ৩ লাখ ২৮ হাজার টাকার মানবিক সহায়তা বিতরণ

খাগড়াছড়ি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে শিক্ষার্থী, অসহায় রোগী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার

খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। কর্মসূচির আওতায় শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন, গণমাধ্যম এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীকে পড়াশোনার সুবিধার্থে একটি ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়া রাঙামাটি থেকে প্রকাশিত সাপ্তাহিক রূপসী কাপ্তাই পত্রিকার কার্যক্রমে সহায়তার জন্য একটি মনিটর দেওয়া হয়।

এ ছাড়া খাগড়াছড়ি জেলার ১০ জন অসচ্ছল রোগীকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। সম্প্রতি ক্ষতিগ্রস্ত চারজন ক্ষুদ্র ব্যবসায়ীকে বসতঘর মেরামতের জন্য পাঁচ বান ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। দুইজন অসচ্ছল শিক্ষার্থীও শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে আর্থিক সহায়তা পান।

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের অংশ হিসেবে খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসা কমপ্লেক্স মসজিদে একটি আধুনিক সাউন্ড সিস্টেম এবং খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার সংস্কারকাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহযোগিতা শুধু আর্থিক সংকট মোকাবিলায় নয়, কঠিন সময়ে নতুন করে সাহস ও আত্মবিশ্বাস জোগাতেও সহায়ক।

খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন, অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *