মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি মালবাহী জীপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে চালক নিহত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর রোববার সকালে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের আলুটিলার সাপমারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে। তিনি আবুল খায়ের কোম্পানির ডিলার এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিবশংকর দের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মালামাল নিয়ে জীপটি খাগড়াছড়ি শহর থেকে মাটিরাঙ্গা ও গুইমারার দিকে যাচ্ছিল। সাপমারা এলাকায় পৌঁছানোর পর চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ চেষ্টার পর গাড়ির ভেতর থেকে চালক চন্দন দত্তের মরদেহ উদ্ধার করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়। গাড়িটি গভীর খাদে পড়ে যাওয়ায় উদ্ধারকাজ কিছুটা কঠিন ছিল।
মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে চালকের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও কাজ করেছে। দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশ্রাফুল মুন্না জানান, দুর্ঘটনাটি নিয়ে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
