মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

খাগড়াছড়ি মাটিরাঙ্গা স্বাস্থ্য

জসীম উদ্দিন জয়নাল  : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার চরপাড়া এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। ৩ আগস্ট সোমবার মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে স্বাস্থ্যসেবা এবং অর্ধশতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. নুরে রেজওয়ান তৌফিক রিজভী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

একই সঙ্গে চৌধুরীঘাট ও ওয়াসু এলাকার অর্ধশতাধিক অসহায় পাহাড়ি ও বাঙালি পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

উপকারভোগীরা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, বিনামূল্যে চিকিৎসা ও খাদ্যসামগ্রী পেয়ে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

মানবিক সহায়তা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের সামরিক কর্মকর্তা, সেনাসদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *