মানিকছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা নগুরামপাড়ায় নিরাপদ ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা এবং পানি সরবরাহ ব্যবস্থার যথাযথ রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নগুরামপাড়া পাড়াকেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করে জাবারাং কল্যাণ সমিতি।
সভায় পানি সরবরাহ ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপদ পানি ব্যবহারে সচেতনতা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
জাবারাং কল্যাণ সমিতির মানিকছড়ি উপজেলা কো-অর্ডিনেটর উসুইহ্লা মারমার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের স্পেশালিস্ট অনিরুদ্ধ কুমার সরকার।
তিনি বলেন, কোনো এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সেটি দীর্ঘদিন কার্যকর রাখতে নিয়মিত পরিচর্যা, সঠিক ব্যবহার এবং সময়মতো প্রয়োজনীয় মেরামত নিশ্চিত করা জরুরি। ছোটখাটো ত্রুটি দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া গেলে বড় ধরনের সমস্যা এড়ানোর পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থার স্থায়িত্বও বাড়ানো সম্ভব।
অনিরুদ্ধ কুমার সরকার পানি সংরক্ষণ ও অপচয় বন্ধের ওপর গুরুত্ব দিয়ে বলেন, পানি সরবরাহ ব্যবস্থার প্রতিটি উপকরণ যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে এর রক্ষণাবেক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে নগুরামপাড়ার কার্বারী ধনী কুমার ত্রিপুরা বলেন, স্থানীয় পর্যায়ে পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পানি সীমিত ও মূল্যবান প্রাকৃতিক সম্পদ হওয়ায় এর অপচয় রোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
প্রশিক্ষণমূলক সভায় স্থানীয় পাড়াবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
