খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: ‘ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে এবং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) সহযোগিতায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধনেশ্বর দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।
সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়ার অধিকার নাগরিকের মৌলিক ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে। রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হচ্ছে, সরকারি অর্থ কোন খাতে ব্যয় হচ্ছে এবং জনগণ কীভাবে বিভিন্ন নাগরিক সেবা পাচ্ছে—এসব বিষয়ে আইন অনুযায়ী তথ্য জানার সুযোগ নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল করে।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্মে খুব অল্প সময়ে তথ্য ছড়িয়ে পড়ছে। এর পাশাপাশি ভুল, অসম্পূর্ণ কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। তাই নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ, তথ্যের সত্যতা যাচাই এবং নাগরিকের সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন হলে গুজব ও ভুল তথ্যের বিস্তার রোধে জনসচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
আলোচনা সভা থেকে নাগরিকদের তথ্য অধিকার আইন সম্পর্কে জানার পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আইনসম্মত পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য চাওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তথ্য প্রকাশ ও সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রকল্প অফিসার পল ত্রিপুরাসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
