খাগড়াছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি অস্ত্র গুলি ও ভারতীয় রুপি উদ্ধার

অপরাধ খাগড়াছড়ি মাটিরাঙ্গা

​জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সশস্ত্র চোরাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি। ২৭ জুলাই সোমবার দিবাগত রাত প্রায় ৩টা ১০ মিনিটে তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের সীমান্তসংলগ্ন এলাকায় যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে একটি টহল দল সন্দেহভাজন চোরাকারবারীদের অবস্থানের দিকে অগ্রসর হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং ভারতীয় মুদ্রা জব্দ করা হয়।

বিজিবির দাবি, জব্দ করা আলামত বিওপিতে (বর্ডার অবজারভেশন পোস্ট) নিয়ে যাওয়ার সময় সশস্ত্র চোরাকারবারীরা অতর্কিতভাবে টহল দলের ওপর গুলি চালায়। জব্দ করা অস্ত্র ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতিতে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বিজিবি বা চোরাকারবারীদের কেউ হতাহত হয়েছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি।

যামিনীপাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন (বিপিএম, পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *