জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫, জেএসসি বৃত্তি এবং বিভিন্ন শ্রেণিতে মেধাক্রমে ভালো ফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় বিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। ভালো ফলাফলের পাশাপাশি সৎ, দায়িত্বশীল, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের। তাদের সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, জিপিএ-৫ বা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের জন্য বড় অর্জন হলেও এই সাফল্য ধরে রাখতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চা করতে হবে। আগামী দিনের দেশ গঠনে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিয়ন্ত্রণ নিশ্চিত করতে প্রধান শিক্ষককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের এ সাফল্য অন্যদেরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করবে বলে উল্লেখ করেন।
সম্মাননা স্মারক পেয়ে কৃতি শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার ও এলাকার সুনাম বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু অতিথিদের সঙ্গে নিয়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
