মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ১৩ জুলাই সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আসে। পরে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন জানান, আগুনে তার বসতঘরের আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে। তার দাবি, এ ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের পর পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুপক কান্তি সরকার জানান, রাত ১২টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে একটি দল দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। তবে গ্রামের সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের একেবারে কাছে নেওয়া সম্ভব হয়নি। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
