আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়িতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা দিয়েছে। জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে দুটি বিদ্যালয় থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। তবে দাখিল পরীক্ষায় তুলনামূলক ভালো ফল হয়েছে। সেখানে পাসের হার ৫২ দশমিক ৮ শতাংশ।
১০ আগস্ট সোমবার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিসের তথ্য থেকে এ চিত্র জানা গেছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষায় মোট ৭ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৭৬৬ জন। জেলায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন শিক্ষার্থী।
অন্যদিকে, দাখিল পরীক্ষায় ৭৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪০০ জন। এ পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন।
দুই বিদ্যালয়ে পাস করেনি কেউ
এবারের ফলাফলে জেলার দুটি বিদ্যালয়ের ফলাফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেডম্যানপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সিকদার বলেন, দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করেনি। কোন কোন বিষয়ে ফলাফল বেশি খারাপ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
জেলায় এসএসসির পাসের হার এতটা কমে যাওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতি, বিদ্যালয়ভিত্তিক পাঠদান এবং একাডেমিক তদারকির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
