ছানোয়ার হোসেন:
খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পৃথক আলোচ্যসূচিতে সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না।
সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আসিফ আল-জাবির। এ সময় আরও উপস্থিত ছিলেন জোনের জোনাল স্টাফ অফিসার তাহমিদ সামিন, মহালছড়ি ৬ এপিবিএনের অ্যাডজুট্যান্ট অভিজিৎ দাস, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং প্রেসক্লাব সভাপতি দীপক সেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জননিরাপত্তা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নজরদারি জোরদার এবং স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়েও আলোচনা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
