মহালছড়িতে বন্যাদুর্গতদের সহায়তায় মানবিক প্রকল্প নিয়ে অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি মহালছড়ি 🏛️ রাজনীতি

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় বাস্তবায়নাধীন মানবিক সহায়তা প্রকল্প নিয়ে অবহিতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই সোমবার

মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহালছড়ি থানার এসআই রাজীব দে এবং ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন চাকমা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার ও সেইফগার্ড ফোকাল ঝুমালিয়া চাকমা। সভা পরিচালনা করেন সংস্থাটির প্রতিনিধি তঞ্চঙ্গা টি.এফ. টার্জালিন (জুয়েল)।

সভায় জানানো হয়, মহালছড়ি সদর ইউনিয়ন ও ৩ নম্বর কেয়াংঘাট ইউনিয়নের মোট ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবার এ প্রকল্পের আওতায় সহায়তা পাবে। প্রকল্পের মাধ্যমে শিক্ষা উপকরণ, নারীদের সুরক্ষা সামগ্রী, আশ্রয় উপকরণসহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া, বাস্তবায়ন কৌশল এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় মতামত ও পরামর্শ প্রদান করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *