রাঙামাটির তিন মহাসড়ক উন্নয়নে একনেকের প্রকল্প অনুমোদন

অর্থনীতি রাঙামাটি

জসীম উদ্দিন জয়নাল :

রাঙামাটি জেলার তিনটি জেলা মহাসড়কসহ চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার ১৬টি সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের জন্য প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ১৬ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত একনেক সভায় ‘চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের আওতায় রাঙামাটি জেলার তিনটি জেলা মহাসড়ক উন্নয়ন করা হবে। সড়কগুলো হলো বাঘাইহাট-মারিশ্যা ২০ কিলোমিটার, বাঙ্গালহালিয়া-রাজস্থলী ১৮ দশমিক ৭৬ কিলোমিটার এবং রাণীরহাট-কাউখালী ৬ দশমিক ২০৭ কিলোমিটার।

এ ছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার মোট ১৬টি জেলা মহাসড়ক নির্ধারিত মান ও প্রয়োজনীয় প্রশস্ততায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকাগুলোর সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার সুযোগ তৈরি হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়কগুলোকে নির্ধারিত মানে উন্নীত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রশস্ত করা হবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে যোগাযোগ সুবিধা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে।

রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, প্রকল্পটি অনুমোদনের ফলে জেলার গুরুত্বপূর্ণ তিনটি মহাসড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের সুযোগ তৈরি হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহন আরও সহজ হতে পারে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে রাঙামাটিসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ অবকাঠামো আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *