বাঘাইছড়িতে ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রাঙামাটি কৃষি

ইমরান হোসেন জুমান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২৬ জুলাই রবিবার  সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের বাঘাইছড়ি প্রতিনিধি ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সহ-সম্পাদক সেলিম উদ্দিন বাহারী এবং বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, কৃষক প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার ৬০০ জন কৃষকের হাতে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং গ্রীষ্মকালীন সবজি চাষে আগ্রহ বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *