ইমরান হোসেন জুমান : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুগ্ধদানকারী মা ও শিশুদের সুবিধার্থে একটি সুসজ্জিত ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান আনুষ্ঠানিকভাবে কর্নারটির উদ্বোধন করেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা মায়েরা যাতে পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে পারেন এবং প্রকাশ্যে দুগ্ধদান নিয়ে কোনো অস্বস্তি বা সংকোচে না পড়েন, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিমুল ইসলাম বলেন, ব্রেস্টফিডিং কর্নার চালুর মাধ্যমে মা ও শিশুস্বাস্থ্যের মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি সময়মতো শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে মায়েদের আরও উৎসাহিত করবে। তিনি জানান, দীর্ঘ সময় হাসপাতালে অবস্থানের কারণে দুগ্ধদানকারী মায়েদের যে ভোগান্তি হতো, এই উদ্যোগ তা অনেকাংশে কমিয়ে আনবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আমেনা মারজান বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্রেস্টফিডিং কর্নার থাকা সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে মায়েদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিমুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন (সবুজ), বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
