বন্যাদুর্গত মানুষের জন্য দীঘিনালায় ওএমএস কার্যক্রম শুরু

খাগড়াছড়ি অর্থনীতি দীঘিনালা

মো. সোহেল রানা : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের মানুষের খাদ্যসংকট লাঘবে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী বাজারে সরকারের খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। ১৯ জুলাই রবিবার

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের জন্য কবাখালী বাজারে একটি ওএমএস কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন নিপুণ চাকমা।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওএমএস কর্মসূচির আওতায় প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ২৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে। তবে সাপ্তাহিক সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার এ কার্যক্রম বন্ধ থাকবে।

ওএমএস ডিলার নিপুণ চাকমা জানান, সরকারি ছুটি ছাড়া প্রতিদিন বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে দুর্গম এলাকার মানুষও স্বল্পমূল্যে খাদ্যশস্য সংগ্রহের সুযোগ পান।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি, ফসল ও আয়ের উৎস হারিয়েছে। এমন পরিস্থিতিতে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রির উদ্যোগ তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ওএমএসের মাধ্যমে কম দামে খাদ্যশস্য সংগ্রহ করতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।

খাদ্য অধিদপ্তর জানিয়েছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ওএমএস কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য পৌঁছে দেওয়া এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *