মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের দায়ে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। ২২ জুলাই বুধবার দুপুরে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিত্র ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানকালে ফার্মেসিটিতে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনের আওতায় জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় বাজারের অন্যান্য ফার্মেসিতেও ওষুধ সংরক্ষণের ব্যবস্থা, লাইসেন্স, মেয়াদ এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। পাশাপাশি ফার্মেসি মালিকদের কেবল অনুমোদিত ওষুধ বিক্রি এবং প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
