প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন ২৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।
বিজিবির নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব।
পরিদর্শনকালে তাঁরা খাগড়াছড়ি পৌর এলাকার শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, শ্রীশ্রী জগন্নাথ মন্দির ও খাগড়াপুর শ্রীশ্রী অখণ্ডমণ্ডলী পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
