পতিত ফ্যাসিস্টের অগ্নিসন্ত্রাস ও ককটেল হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি ব্রেকিং নিউজ

নাঈমুল ইসলাম ভূইয়া 

পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ককটেল হামলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক ঐক্য জোরদার এবং শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে গুরুত্ব দেন নেতারা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মারমা।

সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।

সভাপতির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভারতে অবস্থান করে নেতাকর্মীদের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির পরামর্শ দেওয়ার অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। খাগড়াছড়ির সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থেকে এসব অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী চৌধুরী বলেন, তিন পার্বত্য জেলার সংসদ সদস্য, মন্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের এক মঞ্চে উপস্থিত হওয়া পার্বত্য অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। এ ধরনের সম্মিলিত উদ্যোগ পাহাড়ের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, পাহাড়ে বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বজায় রাখা জরুরি। সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করে পার্বত্য অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, পার্বত্য এলাকার শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্রিল্যান্সিং, কফি চাষ ও মসলা উৎপাদনসহ সম্ভাবনাময় খাতে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *