দুর্গাপূজা নির্বিঘ্ন রাখতে সীমান্তে সতর্ক বিজিবি

খাগড়াছড়ি পানছড়ি

ছোটন বিশ্বাস :

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ অক্টোবর শুক্রবার সকালে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, পূজার নিরাপত্তায় নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তবর্তী মন্দিরগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বহিরাগতদের অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদাপোশাকেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো সমস্যায় দ্রুত সাড়া দিতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। উৎসব চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা পর্যবেক্ষণ দলও মাঠে থাকবে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৪ ও ১৫ অক্টোবর খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *