মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা, একটি বিদেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পায় ঘুমধুম বিওপি। এর ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসির নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
১০ আগস্ট সোমবার ভোরে উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় এসব অবৈধ মালামালের সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
