ইমরান হোসেন জুমান : রাঙ্গামাটির বাঘাইছড়িতে অনুমোদনহীন ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে অবৈধভাবে মজুত করা পাঁচটি বড় বালুর স্তূপ এবং বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি সেলু মেশিন জব্দ করা হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন মারিশ্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দ করা বালু ও সরঞ্জাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩৭৮ নম্বর মারিশ্যা মৌজার হেডম্যান এন্ড্রু খিসার জিম্মায় রাখা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক মমিনুল ইসলাম জানান, পুরাতন মারিশ্যা এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই বালু উত্তোলনের অভিযোগ ছিল। বিষয়টি যাচাই করে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার কার্যক্রম চলছে।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অনুমোদনহীন ও অপরিকল্পিত বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন বাড়ার পাশাপাশি এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
