প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে গত এক বছরে প্রায় এক কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য এবং ৪ হাজার ১৫৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া পৃথক অভিযানে একটি সাব-মেশিনগান (এসএমজি) ও ১ হাজার ৫০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। এসব অভিযানের সাফল্যসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ব্যাটালিয়নটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
১ নভেম্বর রোববার ব্যাটালিয়ন সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ দরবার, দোয়া, প্রীতিভোজ, কেক কাটা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা), অর্ডন্যান্স জানান, পানছড়ি তুলনামূলক কম চোরাচালানপ্রবণ এলাকা হলেও গত এক বছরে প্রায় এক কোটি টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য এবং ৪ হাজার ১৫৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে ৩ বিজিবি। সাম্প্রতিক সময়ে পৃথক দুটি অভিযানে একটি এসএমজি ও ১ হাজার ৫০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গত ১৯ মে ২০২৬ তারিখে দুই সশস্ত্র জেএসএস সদস্য একটি অ্যাসল্ট রাইফেল, একটি শর্টগান, ১৮৮ রাউন্ড গুলি, ২৫ রাউন্ড স্মোক গুলি এবং শর্টগানের ৩৯ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয় সকালে ব্যাটালিয়ন মসজিদে ফজরের নামাজের পর বিশেষ দোয়ার মধ্য দিয়ে। পরে ইউনিট কোয়ার্টার গার্ডে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯টায় ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।
দুপুরে ব্যাটালিয়ন সদরে প্রীতিভোজ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ, পিএসসি, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসিসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিকেলে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় ব্যাটালিয়নের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধিনায়ক জানান, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি দায়িত্ব পালন করেছে। পাশাপাশি জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিরোধে ব্যাটালিয়নের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও ধর্মীয় প্রতিযোগিতাতেও সাফল্য অর্জন করেছে পানছড়ি ব্যাটালিয়ন। ২০২৬ সালে চট্টগ্রাম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন আজান ও ক্বিরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং আন্তঃব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ইউনিটটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্যে অধিনায়ক বিজিবির মূলমন্ত্র ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ সামনে রেখে দেশমাতৃকার সেবায় অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ব্যাটালিয়নের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
