ছানোয়ার হোসেন :
খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির নেতারা। ১ নভেম্বর রোববার বিকেলে মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল আজিজ মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ছাত্তারসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নবনির্বাচিত কমিটির নেতাদের স্বাগত জানিয়ে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করেন।
সভা শেষে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
