প্রতিনিধি : ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির গুইমারায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্নার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি নাঈমুল ইসলাম নোমানী, উপজেলা জামায়াতের আমির ডা. মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল আলী, সরকারি কলেজের অধ্যক্ষ অর্জুন নাথ এবং গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলনের ফসল। এ আন্দোলনের চেতনা ধারণ করে দলমত নির্বিশেষে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গনী।
