প্রতিনিধি : খাগড়াছড়ি শহরের প্রধান সবজি বাজারে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নবনির্মিত ‘পৌর কিচেন মার্কেট’-এর উদ্বোধন করা হয়েছে। ৫ আগস্ট বুধবার ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া মার্কেটটির উদ্বোধনের পাশাপাশি বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীদের মাঝে দোকানঘরের প্লট হস্তান্তর করেন।
খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান।
পৌরসভা সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)’-এর আওতায় চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই নির্মাণকাজ শেষ হওয়ায় সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশল দলের ভূয়সী প্রশংসা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, আধুনিক এ কিচেন মার্কেট চালুর মাধ্যমে ব্যবসায়ীরা আরও সুশৃঙ্খল পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন এবং সাধারণ ক্রেতারাও পরিচ্ছন্ন পরিবেশে কেনাকাটা করতে পারবেন। তিনি খাগড়াছড়ির নাগরিক সুবিধা ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন মার্কেটে দোকান বুঝে পেয়ে ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেন। পৌর কর্তৃপক্ষ জানায়, ভবনটির পরবর্তী তলাগুলোর নির্মাণকাজও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
