রহিম হৃদয় : খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষা ও নিজস্ব বর্ণমালা শেখানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ কর্মসূচির মাধ্যমে প্রাথমিকভাবে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষার পাঠদান শুরু হয়েছে। ২০ জুলাই সোমবার
খাগড়াছড়ি সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেডের নির্দেশনায় মাতৃভাষা শিক্ষা কার্যক্রম চালু করা হয়। এ উপলক্ষে সকালে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক।
শিক্ষার্থীরা জানান, তারা নিজ নিজ মাতৃভাষায় কথা বলতে পারলেও অনেকেই বর্ণমালা লিখতে বা পড়তে পারেন না। এ উদ্যোগের মাধ্যমে তারা নিজেদের ভাষা শেখার পাশাপাশি জাতিগত ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণের সুযোগ পাবেন বলে আশা করছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ভাষার বর্ণমালা শেখা, নিয়মিত চর্চা এবং সংরক্ষণের সুযোগ পাবে। একই সঙ্গে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিকাশেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
