জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ১৩ জুলাই সোমবার উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতুর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সহায়তা ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক পরিবার পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দিনমজুর ও শ্রমজীবী মানুষের স্বাভাবিক কর্মসংস্থান ব্যাহত হওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন। এসব পরিবারের দুর্ভোগ কমাতে জরুরি খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। তিনি জানান, জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের কাছে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো পরিবার যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
