প্রতিনিধি:
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, কারিতাস বাংলাদেশের মাঠ কর্মকর্তা অল্টার ডায়াস, কারিতাস বাংলাদেশের ভলান্টিয়ার রেখনা খীসাসহ প্রবীণ নারী-পুরুষ।
আলোচনা সভায় প্রবীণদের মর্যাদা ও অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সুস্থ ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বয়সজনিত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবীণদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
