প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি। ২৯ আগস্ট শনিবার আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যানসহ পরিষদের ১৪ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এর আগে নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে জেলার মানুষের কল্যাণে কাজ করতে চান তারা। জেলা পরিষদের দায়িত্ব জনগণের আমানত উল্লেখ করে তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা পরিষদের সদস্য এম এন আবছার বলেন, নবগঠিত পরিষদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় পরিষদের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা কাজ করবেন।
আরেক সদস্য মোশাররফ হোসেন বলেন, পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের সমঅধিকার ও উন্নয়ন নিশ্চিত করা পরিষদের অন্যতম লক্ষ্য। চেয়ারম্যান ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় খাগড়াছড়িকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, নবগঠিত জেলা পরিষদ জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা চেয়ারম্যান ও সদস্যদের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
