লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী

🎓 শিক্ষা খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি

মো. ইসমাইল হোসেন :

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম নোয়াপাড়া এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২০ সেপ্টেম্বর রোববার সকালে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের হাতে টি-শার্ট, খেলার সামগ্রী ও বিভিন্ন ধরনের স্টেশনারি উপকরণ তুলে দেওয়া হয়।

এ সময় বাইন্ন্যাছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা ও খেলাধুলার সামগ্রী সরবরাহের মাধ্যমে তাদের পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সেনাবাহিনীর এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সামগ্রী দেওয়ায় তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের পাশাপাশি তাদের খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করা হলে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে পারে। এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *