মো. সোহেল রানা :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে ২ হাজার ৩০৫ কৃষক পরিবারের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোর্তজা আলী খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাছির উদ্দীন চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন, এম এন আফসার ও অ্যাডভোকেট মালেক মিন্টু।
এ ছাড়া দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, কৃষক দলের উপজেলা সহসভাপতি মো: আবু তাহের, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারিয়া সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন।
সংশ্লিষ্টরা জানান, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষকদের কাছে সরকারি কৃষিসেবা ও বিভিন্ন সহায়তা সহজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর আওতায় পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ থাকবে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কৃষক কার্ড কর্মসূচির আওতায় কৃষির পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সেবাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সেবা ও সহায়তা কৃষকদের কাছে আরও সহজে পৌঁছাবে এবং কৃষকদের তথ্যভিত্তিক সেবা দেওয়ার কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
