পার্বত্য অঞ্চলে সম্প্রীতির বন্ধন সুদৃঢ়করণে লংগদুতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ


admin প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন / ০ Views
পার্বত্য অঞ্চলে সম্প্রীতির বন্ধন সুদৃঢ়করণে লংগদুতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

ডেস্ক রিপোর্টঃ

 

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘকাল ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেবল কঠোর আইন-শৃঙ্খলা রক্ষা নয়, বরং দুর্গম এলাকার সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন এবং মানবিক সেবায় লংগদু জোন সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের আবাসন সমস্যা সমাধানে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

 

বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে লংগদু জোন সদরে এক বিশেষ ‘সম্প্রীতি ও উন্নয়ন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি এর পক্ষ হতে মেজর শাহরিয়ার এবং মেজর শাহীন উপস্থিত থেকে ৫টি দরিদ্র পরিবারের হাতে ঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেন।

 

অনুষ্ঠানে উপস্থিত সেনা কর্মকর্তাবৃন্দ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখা এবং পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে এবং তাদের জীবনমান উন্নয়নে লংগদু জোনের এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

 

এদিকে সেনাবাহিনীর এই মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবারগুলো। তারা আরও বলেন, পাহাড়ের কঠিন পরিস্থিতিতে সেনাবাহিনী কেবল আমাদের নিরাপত্তাই দিচ্ছে না, বরং বিপদে-আপদে অভিভাবকের মতো পাশে দাঁড়াচ্ছে।

 

উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা এবং অবকাঠামোগত উন্নয়নে লংগদু জোন নিয়মিতভাবে নানাবিধ কর্মসূচি পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক হিসেবে সেনাবাহিনীর এই উন্নয়নমূলক কর্মকাণ্ড পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতাকে আরও সুসংহত করবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।