
মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে বায়তুশ শরফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম ও গবেষক আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদবী। তিনি বলেন, জ্ঞানচর্চা থেকে দূরে সরে যাওয়ার কারণেই মুসলিম সমাজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তাই সুশিক্ষার বিকল্প নেই।
১৫ এপ্রিল বুধবার’’ দুপুরে খাগড়াছড়ি বায়তুশ শরফ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ফাজিল শ্রেণির উদ্বোধনী ক্লাস, দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া এবং ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যেখানে শিক্ষার প্রসার ঘটে, সেখানে সমাজের ইতিবাচক পরিবর্তন আসে। প্রত্যন্ত এলাকাতেও শিক্ষা বিস্তারে বায়তুশ শরফের অবদান উল্লেখযোগ্য বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু ওসমান। এতে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ কমপ্লেক্স মাদ্রাসার সভাপতি মো. লিয়াকত আলী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন শেঠ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহম্মদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা দশতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি ২০২৫ সালে উন্নীত ফাজিল (ডিগ্রি) শ্রেণির আনুষ্ঠানিক কার্যক্রমও উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি নৈতিক ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :