
ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা বাংলা ১৪৩৩ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে মেলাটি রূপ নেয় এক মিলনমেলায়। ১৩ এপ্রিল সোমবার সকালে মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় অবস্থিত মাতাই পুখরী তীর্থ মেলা প্রাঙ্গণে (স্থানীয়ভাবে পরিচিত দেবতাপুকুর বা ধর্মপুকুর) এ আয়োজন শুরু হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ পিএসসি। তীর্থ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রাজেন্দ্র লাল রোয়াজার নেতৃত্বে তাকে বরণ করে মেলা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। পরে পুকুরে পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, এ ধরনের তীর্থমেলা পার্বত্য অঞ্চলের ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আয়োজকদের এ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আর্থিক সহায়তাও প্রদান করেন। পরে তিনি মেলার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
মেলায় ত্রিপুরা, মারমা, চাকমা ও বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী এবং স্থানীয় খাবারের স্টল মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে মেলা অনুষ্ঠিত হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
তীর্থ মেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব যত্ন বিকাশ ত্রিপুরা জানান, তিন দিনব্যাপী এ মেলা শান্তিপূর্ণভাবে চলবে এবং ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :