লক্ষ্মীছড়ির দুর্গম দুল্যাতলীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ি জাতীয় লক্ষ্মীছড়ি স্বাস্থ্য

মোবারক হোসেন: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির দুর্গম দুল্যাতলী এলাকায় স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৭ আগস্ট বৃহস্পতিবার দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

দুল্যাতলী ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন। সেনাবাহিনীর চিকিৎসক ও মেডিক্যাল টিমের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসকও রোগীদের চিকিৎসাসেবা দেন।

দুল্যাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আগত রোগীদের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়।

সম্প্রতি ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ নেওয়া স্থানীয় শিক্ষার্থীরাও ক্যাম্পেইনে অংশ নেন। তারা সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সঙ্গে সমন্বয় করে রোগীদের প্রাথমিক সেবা ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে সরাসরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দূরবর্তী এলাকায় সহজে চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তারা উপকৃত হয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করেন, দুর্গম অঞ্চলে নিয়মিত চিকিৎসা ক্যাম্প আয়োজনের মাধ্যমে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও বাড়ানো সম্ভব। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা ও চিকিৎসাসেবার পরিধি বিস্তারে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *