প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার জোন সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি। তিনি পাহাড়ি এলাকার সামগ্রিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।
সভায় গুইমারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্জুন নাথ, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, গড়ছাবিল হেডকোয়ার্টার আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ফরিদা পারভিন সুলতানা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল আলী, গুইমারা থানার এসআই আইয়ুব আলী, মানিকছড়ি থানার এসআই এস এম সাদ্দাম হোসাইনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা, অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজার ব্যবস্থাপনার অনিয়ম, মাদক, চোরাচালান, হত্যাকাণ্ড ও অপহরণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া যানবাহনে অতিরিক্ত বা ঝুঁকিপূর্ণ এলইডি লাইট ব্যবহার, পার্বত্য এলাকার মানুষের নিরাপত্তা ও অধিকার এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম নিয়েও মতবিনিময় করা হয়। শিক্ষার পরিবেশ উন্নয়ন ও স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
জোন কমান্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে বিভ্রান্তিকর বা অপপ্রচারমূলক তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি এবং জনসাধারণের সমস্যা নিয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
