খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে থাকা মানুষের সহায়তায় এগিয়ে এসেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে জেলার মাটিরাঙ্গা উপজেলার ভগবান টিলা ও বি-টিলা এলাকার ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার
বিকেলে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। পার্বত্য জেলা পরিষদ সবসময় দুর্গত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বি-টিলা বিজিবির সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, সদস্য মো. আব্দুল লতিফ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, টানা বর্ষণের কারণে অনেক পরিবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এমন সময়ে পাওয়া এই সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে সহায়ক হবে।
