মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা নিয়ে প্রকল্প অবহিতকরণ সভা

খাগড়াছড়ি মহালছড়ি স্বাস্থ্য

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ ও সেবার ব্যবহার বাড়াতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন এবং সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন।

সভায় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন উপজেলা কো-অর্ডিনেটর খোকন বিকাশ ত্রিপুরা। মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়ন, উপকারভোগী নির্বাচন, প্রান্তিক মানুষের স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দুর্গম ও প্রান্তিক এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সঠিক তথ্য ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সেবার সঙ্গে যুক্ত করা গেলে প্রকল্পের সুফল আরও বিস্তৃত হবে।

সভাটি সঞ্চালনা করেন ফিল্ড কো-অর্ডিনেটর অজিত মারমা ও তুষার কান্তি খীসা। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *