ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। ১৬ আগস্ট রোববার সকালে শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিশেষ সেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা তুলে দেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
এবারের এসএসসি পরীক্ষায় মহালছড়ি উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী টুম্পা চাকমাকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য তাকে এইচএসসি পর্যন্ত পড়াশোনার প্রয়োজনীয় বই এবং ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া মহালছড়ি জোনের আওতাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভালো ফল করা ১০ জন শিক্ষার্থী এবং শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ছয় শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহায়তা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফল করতে অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের পর শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রায় ৭০ জন ছাত্রীকে নিয়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মহালছড়ি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের স্বীকৃতি ও প্রয়োজনীয় সহায়তা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পার্বত্য এলাকার শিক্ষা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে।
