মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

পরিবেশ খাগড়াছড়ি মহালছড়ি

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ির মহালছড়িতে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রোববার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি নিশ্চিত করতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন।

এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা। তিনি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি ও মৎস্য খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে মৎস্যচাষীদের সরকারি নির্দেশনা ও আধুনিক প্রযুক্তি অনুসরণ করে মাছ চাষের আহ্বান জানান।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হচ্ছে। এ উপলক্ষে মহালছড়ি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক ও জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *