খাগড়াছড়িতে তিন মাসের ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

🎓 শিক্ষা খাগড়াছড়ি

প্রতিনিধি:

দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে খাগড়াছড়িতে তিন মাস মেয়াদি ‘ড্রাইভিং উইথ অটো মেকানিক্স’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত প্রশিক্ষণটি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে। ‘নিয়মিত কোর্স’ এবং ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আরিফুর রহমান সোহেল।

এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কোর্সটির মাধ্যমে প্রশিক্ষণার্থীরা গাড়ি চালনার পাশাপাশি অটো মেকানিক্স বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। ফলে যানবাহন চালনা ও প্রাথমিক কারিগরি দক্ষতা—দুই ক্ষেত্রেই তাদের সক্ষমতা বাড়বে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা ব্যবহার করে অংশগ্রহণকারীরা দেশে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজের সুযোগ পাওয়ার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও নিজেদের প্রস্তুত করতে পারবেন।

দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *